ভালোবেসে ফেলে
নন্দিতা ধর নট্ট
ভালোবাসাটা কখন যে হয়ে গেল বুঝতেই পারলো না পোড়া মন।
রোজ খোঁজ নেওয়াতে কেমন যেন ভালোবাসার সোঁদা গন্ধ পাওয়া যেতে শুরু করলো। ছূঁতে পাওয়ার নাগাল নেই, তবু শিহর লাগতে শুরু করলো সারা শরীর জুড়ে। ভাবনাগুলো উড়তে উড়তে প্রজাপতির পাখা পেল। এত রঙ মনের গভীরে মূক হয়ে ছিল তা ভাষা পেল তোর অদৃশ্য ছোঁয়ায়। এত শক্তি
বোধহয় নিখাদ ভালোবাসাই জোগায়।
অবাক হতে হতে জোয়ার আসে নিষ্কাম প্রেমে। অবাধ হয়!একে একে যেসব ইচ্ছেরা, যারা শেকল পরে ছিল। ওরা দুর্বার দুর্বিনীত হয়ে আছড়ে পড়তে চায় কূল ছাপিয়ে। তোড়ে ভাসিয়ে নেবে জমে থাকা ইচ্ছেদের,যারা আত্মপ্রকাশে ছিল অক্ষম। ভাবনায় তরী বেয়ে কত পথ যে পার হলো,মন আয়না হয়ে ছবির পর ছবি এঁকে চলে নিরবধি।
জানি একদিন পুড়ে ছাই হয়ে যাবে
নতুবা মাটির গাঢ় অন্ধকারে আশ্রয় নেবে । হয়তো বা...
চিতাতে সব প্রশ্নগুলো,সব ইচ্ছে গুলো-- জ্বলবে আর জ্বলবে।
কত কত ইচ্ছেরা স্বাধীন হতে চেয়ে গুমরে গুমরে কঁকিয়ে উঠেছে বালিশটাকে আঁকড়ে ধরে।
মুখর হলো না কোনো ইচ্ছে, চিত্রিত হলোনা কোনো চিন্তন।
![]() |


