𝕾𝖆𝖆𝖍𝖎𝖙𝖎𝖐 𝕻𝖗𝖔𝖐𝖘𝖍
╔═══════ welcome ════════╗
শিরোনাম: ❀ এ কেমন বড়দিন ❀
লিখেছেন: ֎ ডাঃ বিশ্বনাথ মহুরী ֎
⊰᯽⊱┈──╌❊ - ❊╌──┈⊰᯽⊱
একদলের হয় ভুরিভোজন
একদল উপোস দিয়েই মরে,
বলতে পারো কাদের দোষে
নেইকো খাবার তাদের ঘরে?
বড়দিনের আলোর ঝলক
কারো পোলাও, মাংস, লুচি,
নেইকো বসন, আদুল গায়ে
তাদের পাতেই খোলামকুচি?
যাদের আছে টাকার পাহাড়
নাচে গানে ফূর্তি করে,
মাটির বাড়ি, মাটির মানুষ
কেন উপোস দিয়েই মরে?
বড়দিনের সাজপোশাকের
হরেকরকম রঙেরবাহার,
খোঁজ নিয়েছো তাদের ঘরে
যারা জোগায় সবার আহার!
মানুষ নামের বনমানুষ কি
গরীবগুলোর খবর রাখে?
কারো নৌকা হাওয়ায় চলে
কারো কেন ঘূর্ণিপাকে?
জানেনা, কি করছে এরা
ঈশ্বর এদের ক্ষমা করো,
অভূক্তরা ভূখায় থাকে
এ বড়দিন কেমনতরো?
ছোটদের ছোটদিন হয়
বড়দিন তো হয় বড়োদের,
ভুবন মাঝে হয় কি কভু
মা'র চেয়ে মাসি দরদের?
অপ্রিয় বা সত্যি কথা
কভু নাকি বলতে নেই?
হাটের মাঝে ভাঙলে হাঁড়ি,
দোষী নাকি সে হবেই?
🆃 🅷 🅰 🅽 🅺 🆈 🅾 🆄


