তিক্ততা
অনিন্দিতা দাস
সম্পর্ক যখন আবেগের ভার নিতে অপারগ,
জটিলতার নাগপাশে হাঁসফাঁস, অন্তিম শ্বাস,
তখন তাকে রবারের মতো না টেনে মুক্তি দিও।
নদী পলি জমে যখন হয় স্তব্ধ,হারায় স্রোত,
ক্ষীণ জলধারা তখন নতুন পথ খুঁজে এগিয়ে চলে।
মরা সম্পর্কের তিক্ত অবসাদ বিসর্জন দিও।
দেখবে,খুব শান্তি পাবে।
খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নিও।
পচা দুর্গন্ধ ছড়ায় যে বাসি রিক্ত সম্পর্ক,
তা ছেঁটে ফেলাই শ্রেয়।
দ্বিধা রেখো না,ভয় পেয়ো না।
রেখো না কোনো পিছুটান।
ভাসিয়ে দাও নিজেকে মুক্ত বিহঙ্গের মতো,
আনন্দের মাঝে হয়ে যেও বিলীন।
হারা-জেতা নয়,সম্পর্ক থাকুক
মনের গহীনে,হৃদয়ের প্রকোষ্ঠে,
যত্নে,আদরে,সসম্মানে।
নচেৎ ঝেড়ে ফেলো তার দায়,নির্দ্ধিধায়।।


